আর মাত্র কয়েক ঘণ্টা পরই ভারতে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা পদ্মাবত। সঞ্জয়লীলা বানসালির এ সিনেমার মুক্তি ঠেকাতে শেষ মুহূর্তেও বিক্ষোভ অব্যাহত রেখেছে রাজপুত করনি সেনা। তবে সর্বোচ্চ আদালতের নির্দেশে ভারতের সব রাজ্যে একযোগে মুক্তি পাচ্ছে পদ্মাবত।
নির্মাণের শুরু থেকেই বিতর্কের তুঙ্গে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমা ‘পদ্মাবত’। চিতোরের রাজা রাওয়াল রতন সিং, রাণী পদ্মিণী ও দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজিকে নিয়ে নির্মিত এই সিনেমায় খর্ব হয়েছে রাজপুতদের ঐতিহ্য, বিকৃত হয়েছে ইতিহাস, আঘাত হানা হয়েছে ধর্মীয় অনুভূতিতে–এমন অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে রাজপুত করনি সেনা নামে হিন্দুত্ববাদী সংগঠন। ১ ডিসেম্বর ছবি মুক্তির কথা থাকলেও আন্দোলনের মুখে তা পিছিয়ে যায়। এর রেশ পৌঁছেছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। শেষ অব্দি ভারতীয় সেন্সর বোর্ডের নির্দেশনা মেনে ছবির নামসহ আরো কিছু বিষয়ে পরিবর্তন এনে ছবি মুক্তির নতুন দিন ঠিক হয় ২৫ জানুয়ারি।

এতোকিছুর পরও বিক্ষোভ জারি রেখেছে আন্দোলনকারীরা। আহমেদাবাদে বুধবারও কয়েকটি সিনেমা হল ভাংচুরসহ, গাড়িতে আগুন ধরিয়ে দেয় উগ্রবাদীরা। বৃহস্পতিবার ভারতব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে রাজপুত করনি সেনা। এ ঘটনায় আটক হয়েছে অনেককে। ‘পদ্মাবত’ মুক্তি পেলে আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতির হুমকি দিয়ে রেখেছে রাজস্থানের চিতোরগড়ের কিছু নারী। তবে প্রতিবাদের পাশাপাশি উল্টো চিত্রও রয়েছে। ‘পদ্মাবত’ দেখার জন্য আগাম টিকিট বিক্রি চলছে পুরোদমে। ১৯০ কোটি রুপিতে নির্মিত ছবিটি বক্স অফিসে বাজিমাত করবে বলে আগাম বার্তা দিয়ে রেখেছেন বলিউড বিশ্লেষকরা।
এই ছবিতে রাজপুত রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় শহিদ কাপুর এবং চিতোরের রাণী পদ্মিণীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোণ। রাওয়াল রতন সিংয়ের প্রথম স্ত্রী নাগমতির ভূমিকায় রয়েছেন অনুপ্রিয়া গোয়েঙ্কা। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রনভির সিংকে। তাঁর স্ত্রী মেহেরুন্নিসার চরিত্রে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ














