
করোনায় বিপর্যস্ত ভারত, এরমধ্যে গঙ্গার ভাসছে শতাধিক মৃতদেহ। আর তাদের শরীর ছিঁড়ে খাচ্ছে সারমেয়। ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার চৌসায়। আশঙ্কা করা হচ্ছে, মরদেহগুলোর প্রত্যেকেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যার ফলে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সকালের দিকে গঙ্গায় ভাসতে দেখা গিয়েছিল ওই দেহগুলিকে। তার পরই সেগুলিকে গঙ্গার ধারে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলি। কারণ তাদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। আপাতত জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। শ্মশানে সারি সারি মরদেহ নিয়ে স্বজনদের অপেক্ষা এখন প্রতিদিনের চিত্র। ভাসছে মরদেহগুলোর কিছু আটকে আছে নদীর তীরে। ভয়াবহ এই অভিজ্ঞতায় আতঙ্কে স্থানীয়রা। কারণ গঙ্গা-তীরবর্তী গ্রামগুলোতে করোনা সংক্রমণের হার অনেক বেশি।
পুলিশ বলছে এসব মরদেহের বেশির ভাগেরই শেষকৃত্য হয়নি, কিছু মরদেহ দাহ পুরোপুরি। নদীতে মৃতদেহ ভাসিয়ে দেয়া সেখানকার পুরোনো রীতি বলেও জানিয়েছে তারা। আগেও গঙ্গায় মরদেহ ভাসতে দেখা গেছে, তবে সংখ্যা বেড়েছে করোনা মহামারির কারণে। অনেকে আক্রান্ত হওয়ার আতঙ্কেও মরদেহ দাহ না করে নদীতে ভাসিয়ে দিচ্ছে বলে জানান হামিরপুরের সহকারী পুলিশ সুপার অনুপ কুমার সিং। শেষকৃত্যের সামর্থ না থাকাও এর কারণ হতে পারে বলেও মনে করছেন তিনি। তবে এভাবে করোনায় মৃতদের মরদেহ নদীতে ভাসিয়ে দিলে সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কিত স্থানীয়রা। সে বিবেচনাতেই নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























