চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র দুটিতে সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। বুধবার বিকেলে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

ভোটার উপস্থিতি কম হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মদ আলমগীর।তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। এর আগে কমিশনের কার্যালয়ে গিয়ে আলাদা অভিযোগ জমা দেয় বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দল।

তৃতীয় বিশ্বের অনেকে দেশেই নির্বাচনে সহিংসতার কিছু ঘটনা ঘটে মন্তব্য করে তিনি বলেন, সে হিসাবে আমি বলব, বরং কমই হয়েছে। মাত্র দুইটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ ধরনের দুষ্কৃতকারীরা এ কাজ করে।তিনি বলেন, গণমাধ্যমে আমরা যে নির্বাচন দেখেছি, আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে রিপোর্ট পেয়েছি, তাতে বলব ভালো নির্বাচন হয়েছে।

সচিব বলেন, দুটো কেন্দ্রে শুধু কিছু উচ্ছৃঙ্খল লোক, যারা ইভিএমে ভোট হোক তা চায় না, তারা আক্রমণ চালিয়েছিল এবং ইভিএম ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোট স্থগিত করা হয়। বাকিগুলোতে অত্যন্ত সুন্দরভাবে ভোট হয়েছে। ভোট দিয়ে বাড়ি গেছেন।সহিংসতায় প্রাণহানি ভয়ঙ্কর অবস্থা কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি কোথায় হল? যেখানে ৭৩৫ কেন্দ্রের মধ্যে মাত্র দুইটা কেন্দ্র স্থগিত। ইভিএম ভাঙচুর না করলে সেখানেও নির্বাচন হত। ভোট নেওয়া সম্ভব হয়নি বলে বন্ধ রাখা হয়েছে দুইটা।

সচিব জানান, দুটি কেন্দ্র ছাড়া বাকিগুলোর ফলাফল গণনা হয়েছে। রিটার্নিং অফিসারের কাছে পৌঁছালে একীভূত করে তিনি খসড়া ফল জানাবেন। তার আগে ভোটার উপস্থিতি নিয়ে অনুমান করে কিছু বলা ঠিক হবে না।পরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিতে কেন্দ্রে আতঙ্ক তৈরি করা হয়েছে।অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় প্রাণহানিতেই বোঝা যায় ভোট কতটা সুষ্ঠু হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে