ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১০ জানুয়ারি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২১ উপলক্ষে অনলাইনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি।

প্রধান অতিথি  কাজী নাবিল আহমেদ, এমপি বলেন, “এ বছর  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এর মধ্যে একটি বিশেষ দিন কারন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতিরেকে সেদিন বাংলাদেশের স্বাধীনতা সত্যি সত্যি বিপন্ন হতে পারতো, অপূর্ণ থেকে যেতে পারতো, বাঙালি জাতি অপূর্ণ থেকে যেত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিকার ভাবে বাঙ্গালিকে পৃথিবীর দরবারে পরিচিতি এনে দিয়েছেন, করে দিয়েছেন মাথা উঁচু করে দাড়াবার স্থান।”

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। তিনি ১০ই জানুয়ারি ১৯৭২-এর সেই দিনটির কথা স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর এবং বাংলার মানুষের অনুভূতি অভিব্যক্ত করে বলেন, “বঙ্গবন্ধু সেদিন দেশের মাটিতে ফিরে রমনা ময়দানে যখন উপস্থিত হন এবং বক্তব্য রাখেন, তাঁর চোখে পানি ছিল। তাঁর সাথে আমাদেরও। ১৯৭১ সালের এপ্রিল মাস থেকে শুরু করে ৮ই জানুয়ারি, ১৯৭২ সালে পাকিস্তানের জেলখানায় বঙ্গবন্ধুকে জীবনযাপন করতে হয়েছে, এর চেয়ে কষ্টকর, এর চেয়ে নির্মম জীবন আর কিছু হতে পারে না। কিন্তু বঙ্গবন্ধু একটা বিষয়ে নিশ্চিন্ত ছিলেন এবং তিনি তার ভাষণে বলেছিলেন যে— আমি জানতাম না যে আমি বেঁচে থাকবো কিনা। কিন্তু এটা আমি জানতাম যে আমার দেশ স্বাধীন হবে”।

অনুষ্ঠানে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক  ড. সামসাদ মর্তুজা,  ইউল্যাব বোর্ড অব ট্রাসটিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান সহ ইউল্যাবের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে