অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নেয়ার শপথে উদযাপিত হচ্ছে ৪৬তম মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনার মূল বাধা।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ লাখ শহীদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তার পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি জানানো হয় সশস্ত্র সালাম।এর পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে একে একে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় মিত্র বাহিনীর একটি প্রতিনিধি দলও। পরে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিজয় এখনো মজবুত ভিত্তিতে দাঁড় করানো যায়নি।
সাম্প্রদায়িকতা প্রতিহতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর তাগিদ দেন সাধারণ মানুষ।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























