শহিদুল ইসলাম দইচ, যশোর।। এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের পেছনে ফেলে অনন্য সাফল্য অর্জন করেছে মেয়েরা। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের পাসের হার ৭২.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ লাভ করেছে ৬ হাজার ৩৫১ জন ছাত্রী।
বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮,০৯৭ জন। বোর্ডের সর্বমোট পাসের হার ৬৬.২৭ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ হাজার ৭১৭ জন মেয়ের মধ্যে ৪৮ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে। তাদের পাসের হার ৭২.৬৪ শতাংশ। অন্যদিকে, ছেলেদের পাসের হার ৫৯.৮৫ শতাংশ। ৬৬ হাজার ২২৩ জন ছেলে শিক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৬৩৪ জন উত্তীর্ণ হয়েছে।
এদিকে যশোর বোর্ডে সর্বমোট ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে ৬ হাজার ৩৫১ জনই ছাত্রী। এবং ৫ হাজার ১২৭ জন ছাত্র।
বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ছেলে ১৯ হাজার ১৩৮ ও মেয়ে ২০ হাজার ৯জন। এর মধ্যে মেয়েরা ৮৮.৯৫ শতাংশ এবং ছেলেরা ৮৪.৭৫ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩২৭ জন ছাত্রী ও ৪ হাজার ৮০৯ জন ছাত্র।
মানবিক বিভাগেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বিভাগ থেকে মোট ৮০ হাজার ৬৭৬ জন পরীক্ষা দেয়। ছেলেদের পাসের হার ছিল মাত্র ৪৬.৫৮ শতাংশ, যেখানে মেয়েদের পাসের হার ৬৪.১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন ছাত্রী ও ১৭৯ জন ছাত্র।
ব্যবসায় শিক্ষা বিভাগেও পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছাপ ফেলেছে মেয়েরা। এ বিভাগ থেকে মোট ১৩ হাজার ১১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। ছেলেদের পাসের হার ৬৬.০৭ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৬.৫৮ শতাংশ। এ বিভাগ থেকে মোট ৩৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ২৩২ জন ছাত্রী ও ১৩৯ জন ছাত্র।
যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, বিগত কয়েক বছর ধরে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং তারা ভাল ফলাফল করছে। এবছরও মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছে। তিনি বলেন, ছেলে শিক্ষার্থীদের একটি বড় অংশে এসএসসির গন্ডি পার হওয়ার আগেই ঝরে যাচ্ছে। এটা উদ্বেগ জনক। বিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে নজর দিতে হবে। অভিভাবকদের সচেতন করতে হবে। পাশাপাশি বোর্ডও এ সমস্যা থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
