ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। বাংলাদেশ উপজেলা পরিষদ গাড়িচালক সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা শুক্রবার (৬ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ গাড়িচালক ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি হুমায়ুন কবির রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নাল হাওলাদার ঢাকা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান, সহ সভাপতি মামুন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনিসুর রহমান, প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন উপজেলা পরিষদে কর্মরত গাড়িচালকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং ইতোমধ্যে যে সমস্ত গাড়িচালক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপজেলা পরিষদের গাড়িচালকদের বিভিন্ন সমস্যা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।
দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সরকারী কর্মচারীদের ন্যায় উপজেলা পরিষদের গাড়িচালকদেরও বেতন-ভাতা উত্তোলনের সুযোগ প্রদান করা। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের গাড়িচালক ও উপজেলা পরিষদের গাড়িচালকদের একই মন্ত্রণালয় থেকে বেতন-ভাতার বাজেট দেওয়া। জিপিএফ অথবা সিপিএফ চালু করা। আনুতোষিক ভাতা ২২০ মাস অথবা পেনশনের আওতাভুক্ত করা এবং বেতন-ভাতা চার কিস্তির পরিবর্তে এক কিস্তিতে প্রদান করা। সরকারীভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, পরিবহনপুলের ন্যায় সরকারিভাবে লাইসেন্স নবায়ন, হেভি লাইসেন্স এবং হেভি স্কেল প্রদান করা।
ফটিকছড়ি(চট্টগ্রাম)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























