শীতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে মাস্কের ব্যবহার নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। মাস্কের ব্যবহার বাড়াতে প্রয়োজনে আইন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি জানান, প্রয়োজনে মোবাইল কোর্টও পরিচালনা করা হবে। গতকাল দেশের সকল বিভাগীয় কমিশনারকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। মানুষকে প্রথমে রিকোয়েস্ট, পরবর্তীতে মোটিভেট করে মাস্ক পরাতে বাধ্য করতে হবে। তারপরও না হলে ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ যদি করতে হয় আইন প্রয়োগ করবো।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনোভাবেই পাবলিক প্লেস বা মসজিদ বা অন্য গ্যাদারিং, দুর্গা পূজা এমনকি অন্যান্য যেসব অনুষ্ঠান হবে কোনও অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে। এটা আরেকটু ইনফোর্স করা হবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা দৃঢ় ইচ্ছা ও আশা প্রকাশ করেছেন, সবাই যদি মাস্ক ব্যবহারে সচেতন হয় তাহলে অটোমেটিক্যালি এটা থেকে রিলিফ পাবো।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, করোনা মহামারির কারণে গত বছরের তুলনায় মন্ত্রিসভার নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হার এ বছর কিছুটা কমেছে। যা গত বছেরর তুলনায় সাত দশমিক এক-চার ভাগ কম।
এদিন মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে উড়োজাহাজ চলাচলের জন্য চুক্তি সাক্ষরের লক্ষ্যে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি চূড়ান্ত হলে ঢাকা থেকে ভিয়েনায় সপ্তাহে ৭টি যাত্রীবাহী ও ৭টি কার্গো ফ্লাইট পরিচালনা করা যাবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























