নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নবাবুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন।

গত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীকে হারিয়ে আলোচনায় আসেন নিক্সন চৌধুরী। চিফ-হুইফ নূর ই আলম চৌধুরী লিটনের ছোট ভাই তিনি। এর আগে গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কেএম নুরুল হুদা জানান, দুই একদিনের মধ্যেই সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য বিধিবহির্ভূত আচরণ করেছেন। এ সংক্রান্ত যথেষ্ট তথ্যউপাত্ত কমিশনের হাতে আছে। যা মামলা করার জন্য যথেষ্ট। পরে পুলিশ এটি তদন্ত করবে। এর বাইরে আরো কোনো অভিযোগ আসে কি না তা তদন্ত করার জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিক্সনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুমকি দেন। চরভদ্রাসনের ইউএনওর ফোনে ফোন করে গালিগালাজ করেন ভাঙা উপজেলার এসিল্যান্ডকে। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার এই দুটি ঘটনা ঘটে। এই দুটি ঘটনার ভিডিও এবং অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

পরে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন নিক্সন চৌধুরী। অভিযোগে প্রতিবাদ জানাতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে তিনি দাবি করেন, ইউএনকে ফোনে গালিগালাজের যে অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটি বানোয়াট। তার বক্তব্যকে ‘সুপার এডিট’ করা হয়েছে। এমন গালিগালাজ তিনি করেননি। তাকে হেয় করার জন্যই একটি মহল রেকর্ডিংগুলো এডিট করে ছড়িয়েছে বলে দাবি করেন তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে