নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভার্চ্যুয়াল বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।

করোনার কারণে ২০৩০ সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের ভাষণে এ মন্তব্য করেন তিনি। ইতিহাসে এবারই প্রথম ভিন্নভাবে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠাসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভোরে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। পরে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভূরাজনৈতিক বিরোধের কারণে জাতিসংঘকে দুর্বল করা উচিত না। সবাই মিলে জাতিসংঘকে একটি কার্যকর বিশ্ব সংস্থায় পরিণত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্ব- সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তা করোনাভাইরাস মহামারী তা দেখিয়ে দিয়েছ।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কর্মকাণ্ডে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তি মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এপর্যন্ত দেড়শ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু বলেছিলেন যে জাতিসংঘ ভবিষ্যতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এটা জাতিসংঘ ও বহুপাক্ষিকতার ওপর বাংলাদেশের আস্থা ও বিশ্বাসের প্রমাণ।

প্রধানমন্ত্রী আরো বলেন, অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আমি জাতিসংঘের সব কর্মকর্তা ও সংস্থার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আগামী ২৬’শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। কভিড-১৯ মহামারির কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বনেতৃবৃন্দ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চ্যুয়ালি যোগ দিচ্ছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে