করোনা সংক্রমণের কমতির ধারা অব্যাহত থাকলে ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলোকে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে খোলার অনুমতি দেয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে এ বিষয়ে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করবো, বলেন তিনি।
আজ সোমবার(২১’শে সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। তথ্যসচিব কামরুন নাহার, প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি মিঞা আলাউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী স¤্রাট প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন,‘দীর্ঘদিন ধরে সিনেমা হল খোলার ব্যাপারে আলোচনা হচ্ছিল। আমরা এ মাসের শুরুর দিকে প্রথমে একবার বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পরে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেবো। সেই মর্মে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা ঐক্যমতে উপনীত হয়েছি, যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে এবং এই ধারাটা যদি কমতির দিকেই অব্যাহত থাকে, তাহলে আমরা ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দিতে পারি। তবে এ ব্যাপারে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করবো।’
সিনেমা হল খোলার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে হলগুলো চালু হবে। কিভাবে আসন বিন্যাস হবে সে নিয়েও আমরা আলোচনা করেছি, জানান ড. হাছান। সিনেমা হল খুলে দেবার বিষয়ে আলোচনার প্রেক্ষাপট বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনরা জানেন যে বাংলাদেশে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। যাত্রী পরিবহণের ক্ষেত্রে আগে যে বিধিনিষেধ ছিল, সেটি তুলে দেয়া হয়েছে, স্বাভাবিক সময়ের মতো যাত্রী পরিবহন করা হচ্ছে। সিনেমার সাথে বহু শিল্পী কলাকুশলীসহ বহু মানুষের কর্মসংস্থান যুক্ত। যেহেতু অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, সেকারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সিদ্ধান্ত ভিন্ন হবে, বলেন তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























