বিমানবন্দরে উন্নয়ন ও নিরাপত্তা ফি আরোপ প্রবাসী কর্মীদের জন্য বাড়তি বোঝা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে আকাশপথে যাত্রার খরচ বাড়লেও বাড়ছে না সেবার মান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের নিরাপত্তার জন্য আধুনিক যন্ত্র স্থাপন করা হচ্ছে। আর এজন্যই যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে উন্নয়ন ও নিরাপত্তা ফি।
দেশের ভেতরে ও বাহিরে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য উন্নয়ন ও নিরাপত্তা ফি কার্যকর হয় গত ১৬ আগষ্ট থেকে। এতে দেশের ভেতরে ভ্রমণের জন্য ১৭০ টাকা ও সার্কভুক্ত দেশে ৯২০ ও অন্যান্য দেশের ক্ষেত্রে গুনতে হচ্ছে অতিরিক্ত এক হাজার সাতশ টাকা।
সেবার মান না বাড়িয়ে এ ধরনের ফি অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এমনিতেই করোনার জন্য স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি দামে টিকিট কিনতে হচ্ছে প্রবাসীদের, তার ওপর এই ফি খরচের বোঝা বাড়াচ্ছে। প্রবাসীদের সেবা বৃদ্ধির জন্য বিমানবন্দরে হেল্প ডেস্ক খুব শিগগিরই স্থাপন করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন প্রায় এক কোটি প্রবাসী। তাদের একটি বড় অংশের অভিযোগ, দেশের বিমানবন্দরে কাঙ্খিত সেবা পান না তারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























