চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন।

শুক্রবার সকাল ১০টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ১০৯৭ ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এসময় বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমুর হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

শেখ হাসিনাকে স্বাগত জানাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের বিভিন্ন সড়কে উড়ছে দুই দেশের পতাকা। প্রধানমন্ত্রীর চার দিনের এ সফরে ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দিল্লিতে পৌঁছানোর পর সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে। বিমানবন্দর থেকে তিনি যাবেন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে। কোনো দেশের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই প্রথম ভারতীয় রাষ্ট্রপতি ভবনে থাকবেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকার কথা রয়েছে। এ সময় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ৮ এপ্রিল হায়দরাবাদ ভবনে হবে দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে