চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাদশা (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত বাদশা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে। শনিবার গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাদশা শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা দিয়ে ভারতে মাদক চোরাচালান করার সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























