একাদশ সংসদের নবম অধিবেশন বসছে আজ। করোনা সংক্রমণ এড়াতে নিয়ম রক্ষার এই অধিবেশন চলবে মাত্র পাঁচ দিন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানিয়েছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পালাক্রমেই অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। এদিকে সংশোধিত কাস্টমস বিল, এনার্জি রেগুলেটরি কমিশন বিলসহ পাসের অপেক্ষায় আছে ১৫টি বিল।

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ৯ সংসদ সদস্য। তারা বাদে বয়স্ক ও অসুস্থ ছাড়া অন্য সব এমপিদের এসএমএসে আমন্ত্রণ জানাচ্ছে সংসদ সচিবালয়। রোববার বেলা ১১টায় বসছে একাদশ সংসদের নবম অধিবেশন।

নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমসহ বিশিষ্টজনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবে আলোচনা শেষেই মুলতবি হবে প্রথম দিনের অধিবেশন। বিধান অনুযায়ী, ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই তাই বসছে এই অধিবেশন। চলবে ৫ দিন।

সংশোধিত কাস্টমস বিল, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিলসহ পাশের অপেক্ষা সংসদ সচিবালয় জমা আছে ১৫টি বিল। চিফ হুইপ বলছেন, করোনার কারণে গত দুই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এ জট তৈরি হয়েছে। এছাড়া সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও অনিশ্চিত।

করোনা মহামারির মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবারও অধিবেশনে দর্শনাথী ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকছে না। এর আগে সাংবিধানিক বাধ্যবাধকতায় ১৮ এপ্রিল বসা দেড় ঘণ্টার অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে