তারের জঞ্জালমুক্ত রাজধানী গড়তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চেষ্টা কাজে আসছে না। বিভিন্ন স্থানে ঝুলন্ত তার কেটে দিলেও কিছুক্ষণ পর আবারও তা ঠিক করে নিচ্ছেন ইন্টারনেট ও ক্যাবল টিভি ব্যবসায়ীরা। তবে, নগর কর্তৃপক্ষ বলছে, তারগুলো আবারও কেটে দেয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে পুরো ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে।
ধানমন্ডির সাতের এ রোড। ১০-১২ দিন আগেই বিদ্যুতের খুঁটি ঘেরা ইন্টারনেট-ডিশসহ অন্যান্য সংযোগ কেটে দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু আবারো তা ফিরে গেছে আগের অবস্থায়।
শুধু এই সড়কেই নয় ঢাকার প্রায় সব সড়কেই দেখা মেলে এমন তারের জট। মাঝে মধ্যে এসব তার কেটে দিলেও সিটি করপোরেশনের নজরদারির অভাবে আবারও আগের চেহারা ফিরে আসে।
ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীরা বলছেন, কোনো ধরণের নোটিশ ছাড়াই কেটে দেয়া হয়েছে তাদের তার। গ্রাহকদের চাহিদার জন্য আবারও তার টেনে পুনঃসংযোগ দেয়া হয়েছে।
এ ধরণের সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি ব্যবহারের বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে দক্ষিণ সিটি করপোরেশন। আলাদাভাবে লাইন করে দেয়ার কথা ভাবছে তারা।
বিদ্যুতের খুঁটির বিকল্প ব্যবস্থা হলে ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীদের নির্দিষ্ট পরিমাণের ফি দিতে হবে বলেও জানিয়েছেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























