ভারতীয় ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের দ্বন্দ্বে বেনাপোল স্থলবন্ধরে সাতদিন ধরে আটকে আছে দুই শতাধিক পাটবীজ বোঝাই ট্রাক। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে মৌসুমের শুরুতে সময় মতো বীজ না পেলে লোকসানে পড়তে পারেন বাংলাদেশের পাট চাষীরাও।
পশ্চিমবঙ্গের বনগাঁ কালিতলা পার্কে ট্রাকের সিরিয়াল দেয়া নিয়ে ব্যবসায়ীদের দ্বন্দ্বে সীমান্তে আটকা পড়েছে ২ শতাধিক ট্রাক। ফলে লোকসান গুণতে হচ্ছে বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ পাটবীজ ভারত থেকে আমদানি করা হয়। চলতি মাসে এ মৌসুমের বীজ আমদানি শুরু হলেও গত বৃহস্পতিবার থেকে তা বন্ধ রয়েছে। দ্রুত এসব পণ্য খালাস না হলে বিপাকে পড়বেন ব্যবসায়ী ও চাষিরা। বিষয়টি সুরাহায় ভারতের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হচ্ছে। সবশেষ ৪ মার্চ ১৩০ মেট্রিক টন মেসতা ও ৮ মার্চ ৭৫ মেট্রিক টন পাটবীজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























