বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার বন্য পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বেরাইদ, নাসিরাবাদ ও ডেমরার একাংশসহ রাজধানীর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এখনো বন্যাকবলিত। একই অবস্থা নারায়ণগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের। প্রায় মাসখানেক ধরে পানিবন্দি এসব এলাকার বাসিন্দারা।

এদিকে রাজধানীর আশপাশের তিনটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে। তবে আগামী দু-এক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র।নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের তালাশকুট। প্রায় দেড় মাস ধরে ডুবে আছে বন্যার পানিতে। একই চিত্র রাজধানীর পূর্বাঞ্চলের নিচু এলাকারও। এদিকে বালু, শীতলক্ষ্যা ও তুরাগের পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। ভোগান্তিতে পানিবন্দি এলাকার মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, মধ্যাঞ্চলে পদ্মা নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তাই আগামী সপ্তাহে রাজধানীর পূর্বাঞ্চল ও আশপাশের নিম্নাঞ্চলের পানি কিছুটা কমতে পারে। আর এ মাসের তৃতীয় সপ্তাহে অন্যান্য জেলার পরিস্থিতি ঠিক হতে পারে।

রাজধানীর পশ্চিমাঞ্চলে বাঁধ থাকায় বুড়িগঙ্গার পানি ঢুকতে পারে না। পূর্বাঞ্চল রক্ষার জন্য ১৯৯৮ সালের বন্যার পর একটি বাঁধ নির্মাণ প্রকল্প নেয়া হয়েছিলো। কিন্তু গত ২২ বছরেও তা বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত ওই প্রকল্প বাস্তবায়নের তাগিদ পানি ও বন্যা ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে