রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট। ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, তারা জঙ্গি নয়, ভাড়াটে খুনি। বুধবার ভোরে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়। তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজনযন্ত্রে লুকানো বোমা বিস্ফোরণে এক পুলিশ পরিদর্শকসহ পাঁচজন আহত হন।
ঈদের সময় দেশে জঙ্গি হামলার আশঙ্কার মধ্যেই এ ঘটনা ঘটলো। আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশের কাছে তথ্য ছিল তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো স্পষ্ট হবে। তারা কাকে হত্যা করতে চেয়েছিল সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বড় কোনো নেতা নয়, স্থানীয় পর্যায়ের শত্রুতা থেকে তারা একজনকে হত্যার পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ কথা স্বীকার করেছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় দুপুরে পল্লবী থানার সামনে এক ব্রিফিংয়ে বলেন, কালশী কবরস্থানের কাছে ‘একদল সন্ত্রাসী’ অবস্থান করছে খবর পেয়ে রাত ২টার দিকে পল্লবী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আরো কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ডিভাইস পাওয়া যায়, যেটি দেখতে ওজন মাপার মেশিনের মতো। তিনি আরো বলেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেপ্তার তিনজন পুলিশকে জানায়, ওই ওজন মাপার যন্ত্রে ‘বোমা রয়েছে’। এরপর বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেয়া হলে তারা এসে ডিউটি অফিসারের কক্ষে ওজন মাপার মেশিন পরীক্ষা করেন। পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে।
ঈদুল আজহাকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কায় বিশেষ সতর্কতা নেয়ার জন্য ১৯ জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে চিঠি দেয় পুলিশ সদর দপ্তর। জোরদার করা হয় গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা। এ অবস্থার মধ্যেই বুধবার সকাল ৭টায় পল্লবী থানায় ঘটে বিস্ফোরণের ঘটনা। প্রকট শব্দে ভেঙ্গে পরে থানার বিভিন্ন তলার জানালার কাঁচ। আহত হন ৪ পুলিশ সদস্য ও একজন থানার সহযোগী।
আহতদের তাৎক্ষণিকভাবে নেয়া হয় ঢাকা মেডিকেল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে ২৫ জুলাই রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তায় বোমা সদৃশ বস্তু পাওয়া যায়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




















