ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ক্যারিয়ার সার্ভিসেস অফিস (সিএসও) ১৮ জুলাই ২০২০ আইসিটি সেক্টরে স্টার্ট-আপের সম্ভাবনা শীর্ষক একটি ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার সেশনের আয়োজন করেছে। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি। এই ক্যারিয়ার ওয়েবিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ওরাকল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও পালস হেলথকেয়ার সার্ভিসেসের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা।
প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বার বলেন, করোনা ভাইরাসের এই সময়ে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য জরুরী। এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি স্বল্প মূল্যে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট প্যাকেজ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ছাত্র জীবন থেকেই নেটওয়ার্কিং এর গুরুত্ব তুলে ধরেন কাজী নাবিল আহমেদ, এমপি। তিনি বলেন, নেটওয়ার্ক হলো স্যোসাল ক্যাপিটাল। ইউল্যাব থেকে পাশ করা সাবেক সফল শিক্ষার্থী, বন্ধু, ও প্রফেশনালদের সাথে নেটওয়ার্ক তৈরি করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
স্টার্ট-আপ নিয়ে বলতে গিয়ে রুবাবা দৌলা বলেন, যে কোন দুর্যোগ বা চ্যালেঞ্জ কিছু সুযোগ সৃষ্টি করে। এই চ্যালেঞ্জ বুঝতে পেরে যারা সমস্যার সমাধান নিয়ে আসেন তারাই পরবর্তীতে টিকে থাকতে পারে। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য নিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রায় ২০০ শিক্ষার্থী এই ওয়েবিনারে অংশ নেয় এবং অতিথিরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























