করোনা সংক্রমণ ঝুঁকির মাঝে দেশজুড়ে সরকারি হাসপাতালগুলোতে রয়েছে চিকিৎসায় অবহেলার অভিযোগ। চিকিৎসকের অনুপস্থিতি বা অবহেলায় রোগীর প্রাণহানির অভিযোগও আছে।
এছাড়া হাসপাতালে লোকবলের অভাব, পরীক্ষা-নিরীক্ষায় গাফিলতি ও নানা হয়রানীর কথা বলছে রোগী ও তাদের স্বজনদের। ৬’ই জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাবেক ফুটবলার ও ব্যবসায়ী মো. হানিফ শেখ। পরিবারের অভিযোগ, ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হলেও সঠিক চিকিৎসা হয়নি তার। সঠিক চিকিৎসার না পাওয়ার অভিযোগ স্কুলছাত্র রহমত মুন্সীরও। তাই নিরুপায় হয়ে বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে।

সঠিক চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ মেহেরপুরেও। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এছাড়া, করোনা সংক্রমণের আশঙ্কায় হিলি, রংপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, গাজীপুরসহ দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে। করোনার মধ্যেও নিরুপায় হয়ে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষা ঠিকমতো হচ্ছে না। চিকিৎসকরা রোগী দেখতে আসেন না। সব ধরণের সীমাবদ্ধতা কাটিয়ে মেডিসিন, সার্জারি, গাইনীসহ সব বিভাগে করোনা পূর্ববর্তী সময়ের মতো সেবা দেয়ার কথা জানান টঙ্গী ২৫০ শয্যার শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন মো. মোজাম্মেল হক। তবে করোনা আতঙ্ক কেটে গেলে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে বলে জানান, এই চিকিৎসক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























