সঞ্চয়পত্র থেকে লক্ষ্যের বেশি ঋণ নেয়ায় বড় ঝুঁকিতে পড়ছে বাংলাদেশের অর্থনীতি। সেই সাথে ক্রমবর্ধমান খেলাপি ঋণ বাড়িয়ে দিচ্ছে ঝুঁকি। কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। সংকট নিরসনে সরকারকে ব্যাংকিং খাতে তদারকি বাড়ানোর পরামর্শ সংস্থাটির।

ঘাটতি মেটাতে চলতি বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্য প্রায় ২০ হাজার কোটি টাকা। কিন্তু জুলাই থেকে নভেম্বর, এই পাঁচ মাসেই বিক্রি হয়েছে লক্ষ্যের চেয়ে বেশি সঞ্চয়পত্র। আশংকা রয়েছে, অর্থবছর শেষে বিক্রি হবে লক্ষ্যের দ্বিগুণেরও বেশি।

ব্যাংক কিংবা বৈদেশিক উৎস থেকে ৫ শতাংশের কমে ঋণ নেয়ার সুযোগ রয়েছে সরকারের। তবে সঞ্চয়পত্র বিক্রিতে এর দ্বিগুণ সুদে শোধ করতে হবে ঋণ। আইএমএফ মনে করছে, এর ফলে ঋণের বোঝা বাড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থ হবে বন্ড মার্কেট। সরকারি ব্যাংকে খেলাপি ঋণ বাড়ায়, আর্থিক খাতে তৈরি হতে পারে বিশৃংখলাও।

আর্থিকখাতের ঝুঁকি কমাতে নীতি ও নজরদারি শক্তিশালী করার পরামর্শ আইএমএফের। রেমিট্যান্স ও রপ্তানিতে বিশ্বমন্দা নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করে সংস্থাটি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে