রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম আওয়ামী লীগের কেউ না। তার উপযুক্ত সাজা হবে। করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে সে বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রিজেন্ট ও জেকেজির শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে।

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে প্রতিক্রিয়া জানান স্বরাস্ট্রমন্ত্রী। সাহেদ আওয়ামী লীগের কেউ নয় দাবি করে তার অপরাধ অনুযায়ী সাজা প্রত্যাশা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতারক যে দলেরই হোক, ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন করোনা চিকিৎসার জন্য কেউ হাসপাতাল দিতে চাচ্ছিল না তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছে। তার উদ্দেশ্য যে ছিল প্রতারণা সেটা সেই মুহূর্তে বোঝা যায়নি। কিন্তু এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা সেটা এখন বোঝা যাচ্ছে।

সাহেদের গ্রেপ্তার নিয়ে সচিবালয়ে কথা বলেন সড়্ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে। কাদের বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তাব্যক্তিদের গ্রেফতারই প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান।

বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে