নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি এম এইচ শমরিতা হাসপাতাল মেডিকেল কলেজে চালু হলো আলাদা ইউনিট।
প্রাথমিক পর্যায়ে ইউনিটটিতে ২০টি বেডের বিশেষায়িত আইসিইউ ও ৫০টি বেডের আইসোলেশন ওয়ার্ড রয়েছে। গত ২৮ জুন করোনা ইউনিট চালু করে প্রতিষ্ঠানটি। হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপ কুমার ধর জানান, দেশের খ্যাতিমান হৃদরোগ, কিডনিরোগ ও লিভারসহ অন্যান্য জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড আইসিইউ ও আইসোলেশন ইউনিট পরিচালনার দায়িত্বে থাকবেন।
হাসপাতালটিতে রোববার পর্যন্ত ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। আর করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারির যোদ্ধা ও জরুরি সেবার সাথে জড়িতদের চিকিৎসার জন্য শমরিতা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























