নির্বাহী আদেশে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগসহ ৫ দফা দাবিতে মহাখালীতে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধরা।
আর এর জবাবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়াধীন এবং অন্য দাবিগুলোও সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নিয়োগ না হওয়ায় প্রায় ২৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্টের ২০ হাজারই বেকার। সে কারণে করোনার মধ্যেই সামাজিক দূরত্ব উপেক্ষা করে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে জড়ো হন তারা। অবিলম্বে নিয়োগসহ ৫ দফা দাবিতে করেন বিক্ষোভ।
এছাড়াও ১৮৩ জনকে নিয়োগের সুপারিশকে অস্বচ্ছ দাবি করে তা বাতিল করতে বলছেন বিক্ষোভকারীরা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, ১২০০ মেডিকেল টেকনোলজিস্টকে দ্রুত নিয়োগ দেয়ার আহ্বানও জানান তারা। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মেডিকেল টেকনোলজিস্টদের দাবিগুলো সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আন্দোলনকারীরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত ৫ জন। সে হিসাবে দেড় লাখ জায়গায় আছে মাত্র ৫ হাজার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























