করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশে ১’কোটি ৩০’লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। যারা অস্থায়ী কিংবা খণ্ডকালীন পেশার সাথে জড়িত রয়েছেন তারাই এই ঝুঁকিতে পড়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আয়োজনে ‘এসডিজি’র নতুন চ্যালেঞ্জ ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এ আশঙ্কা প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন এসডিজি প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপে মূল প্রতিবেদন উপস্থান করেন। তিনি বলেন, ২০১৬-১৭ শ্রমশক্তি জরিপের উপাত্ত পর্যালোচনা করে এই প্রাক্কলন করা হচ্ছে। বর্তমান অবস্থা বিবেচনায় নিলে চাকরি হারানোর ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা আরও বাড়বে।
দেশের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। চলমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার একটি বিশেষ অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম বিবেচনা করতে পারে। সংলাপে বক্তরা বলেন, একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে পর্যায়ক্রমিক পর্যবেক্ষণের মাধ্যমে চলমান সংকট থেকে পুনরুদ্ধারের কার্যক্রম গ্রহণ জরুরি।
বর্তমানে করোনা মহামারির ফলে চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি কাঠামোকে বিশেষভাবে সন্নিবদ্ধ করা প্রয়োজন। এক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহযোগিতার আওতায় আনার ক্ষেত্রে বিশেষ নজর জরুরি।
সংলাপে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরগুনা, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে উন্নয়ন কর্মী-বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং সাংবাদিক অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























