রাজধানীর বুথগুলোতে করোনার নমুনা দেয়ার সিরিয়াল পেতে লাগছে ৫ থেকে ৭ দিন। তবে দিনে এসে দিনেই নমুনা দেয়া যাচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা দিলে। বুথের দায়িত্বে থাকাদের সঙ্গে যোগসাজসে এই টাকা নিচ্ছে এক শ্রেণীর দালাল। ইনডিপেনডেন্টের অনুসন্ধানে মিলেছে এর প্রমাণ।

টাকা নিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে সূচনা কমিউনিটি সেন্টারের সিকিউরিটি গার্ড মিলন। করোনার নমুনা সংগ্রহের শুরু থেকেই টাকা নিয়ে আগে সুযোগ পাইয়ে দিচ্ছে সে। যেখানে সাধারণ মানুষকে নমুনা দিতে ঘুরতে হচ্ছে অন্তত ৭ দিন।

অথচ বেশ কয়েকদিন ছোটাছুটির পর মোহাম্মদপুরে ব্রাকের একটি বুথে ১২ জুন করোনার নমুনা দেয়ার সিরিয়াল পেয়েছেন কিছু মানুষ। তবে দিনে এসে দিনেও দেয়া যায় নমুনা। তার জন্য খরচ করতে হয় দেড় থেকে দুই হাজার টাকা। এর সত্যতা যাচাইয়ে বুধবার যোগাযোগ করা হয় মিলনের সঙ্গে।

তার কথামতোই বৃহস্পতিবার সকাল ৯টায় রোগী সেজে হাজির সূচনা কমিউনিটি সেন্টারে হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী। বাইরে যখন অপেক্ষমানদের ভিড়, তখন ইনডিপেনডেন্টের এই কর্মীকে সবার আগে বুথে নিয়ে যায় মিলন। নমুনা দেয়া শেষে তাকে টাকা দেয়ার পালা।

তখনই সেখানে আসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা। এসময় মিলন পালাতে চাইলে ধরে ফেলে জনতা। তার পকেটে মেলে চুক্তির ১৫’শ টাকা। পরে মিলন জানায়, এ কাজে তার সঙ্গে আছে সিরিয়ালের দায়িত্বে থাকা রাজ্জাক নামের এক ব্যক্তি। তবে বুধবার যোগাযোগ করা হলে রাজ্জাক জানায়, বুথের দায়িত্বে থাকা ব্যক্তিদের খুশি করিয়ে দিতে হবে।

করোনার নমুনা সংগ্রহের জন্য রাজধানীতে আছে ৩৯টি বুথ। সবখানেই পাওয়া গেছে নানা ধরণের অনিয়মের অভিযোগ। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহাকারী পরিচালক আয়েশা সিদ্দিকি বলেন, নজরদারি চলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখন করোনার নমুনা দিতে সময় লাগছে ৫ থেকে ৭ দিন। আর পরীক্ষার ফল পেতে আরো ৪-৫ দিন। আগে আক্রান্ত না হলেও, এ সময়ের মধ্যে থেকে যাচ্ছে সংক্রমণের ঝুঁকি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে