আসন্ন ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে যেসব মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরীঘাটে গেছেন তাদের বর্তমান ঠিকানায় ফিরে যেতে আহ্বান জানিয়েছেন পুলিশ মগহাপরিদর্শক বেনজীর আহমেদ।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে করোনা ও ঈদুল ফিতরের বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আহ্বান জানান। আর প্রয়োজনে এক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশের এই প্রধান। তাছাড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্কেটসহ সব জায়গায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধও করেন বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়ে ফেরিঘাটে আটকে যাওয়া সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। যারা ফেরিঘাটে আটকে আছেন তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ঈদে করোনার ঝুঁকি নিয়ে মৃত্যুদূত হয়ে কেউ বাড়ি যাবেন না। যে যেখানে আছেন সেখানেই থাকুন। শপিং করার সময়ও সতর্ক থাকবেন। মনে রাখবেন, যেন এটাই জীবনের শেষ শপিং না হয়।

বেনজীর আহমেদ বলেন, করোনায় মৃত্যু কোনও জুজুর ভয় নয়। এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, সেটা সবাই মেনে চলুন।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর এ ক্ষেত্রে গুজবের বিরুদ্ধে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে