নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলের সাথে ঐক্য চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একই সঙ্গে জাতীয় সংকটের সময় বিএনপিকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, সংক্রমণে করোনা কাউকে করুণা করবে না। তাই কাদা ছোড়াছুড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে সরকারের প্রতি সহযোগিতা করুন। দায়িত্বশীল ভূমিকা পালন করুন। করোনা মোকাবিলায় ঐক্যই হবে আমাদের মূল শক্তি।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, করোনার এই সংকটকাল সময়ে আসন্ন ঈদুল ফিতরে মানুষ দলে দলে গ্রামমুখী হয়েছে, যা অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। তাই জেনেশুনে এমন ভয়ানক পরিস্থিতি তৈরি অনাকাঙ্ক্ষিত। এতে আমরা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হবো ঠিক তেমনি আমরা আশপাশের অন্যদের জীবন ও জীবিকায় হুমকি ডেকে আনবো। তাই আবারও অনুরোধ করবো, যেখানে যারা অবস্থানে করছেন, এখানে থেকে আপনারা ঈদ অতিবাহিত করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্থানান্তর আপাতত বন্ধ রাখুন। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠবো বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি করোনা পরিস্থিতিতে কলকারখানার শ্রমিক এবং গণমাধ্যমকর্মীদের বেতন ও ভাতা ঈদের আগেই পরিশোধ করতে কারখানা ও গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বানও জানান।
ঘূর্ণিঝড়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ইতোমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। আর সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশ্রয় গ্রহণকারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে আশ্রয়কেন্দ্রে চিকিৎসক রাখার উদ্যোগ নেয়া হয়েছে। আমি উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা অনুরোধ করছি। পাশাপাশি উপকূলীয় এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদেরও মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি এবং মানুষকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























