সরকারি নির্দেশ না মেনে আজ থেকেই রাজধানীতে খুলেছে বেশিরভাগ দোকানপাট। আগামী ১০মে থেকে সীমিত আকারে শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রজ্ঞাপনে ঘোষণা দেয়া হলেও বাস্তবে তা একেবারেই মানা হচ্ছে না।

সকাল থেকে রাজধানীর বড় শপিং মলগুলো বন্ধ থাকলেও খুলেছে অলি গলি, পাড়া মহল্লার প্রায় সব দোকানপাট। জরুরি সেবার বাইরেও যেসব দোকান খুলেছে তার মধ্যে রয়েছে পোশাক, জুতা, প্লাস্টিক, রং, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানও। মোড়ে মোড়ে খোলা দেখা গেছে চায়ের দোকান। সব দোকানেই চলছে বেচাকেনা। রয়েছে ক্রেতাদের ভিড়। দোকান মালিকরা বলছেন, দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় ব্যাপক লোকসান হয়েছে। অনেকের সঞ্চয় ফুরিয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই সকালে দোকান খুলেছেন তারা।

এদিকে, রাজধানীর বেশিরভাগ এলাকায় করোনা বিধি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও খুব একটা চোখে পড়েনি। ঈদ সামনে রেখে আগামী ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা এবং বিকাল ৫টার মধ্যে অবশ্যই সব শপিংমল ও দোকান বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এ নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে