নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ঈদগাহ ময়দানের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে থানার অফিসার ইনচার্জ সহ ১০ জন আহত হয়েছে। গতকাল ২৭ এপ্রিল উপজেলার পুটিমারী ইউনিয়নে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১ টায় ওই ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইছা মামুদের ছেলে তসলিম উদ্দীনের সাথে ঈদগাহ ময়দানের জমি নিয়ে ময়দান কমিটির লোকজনের সাথে বিরোধ বাধে। সেখানে এক পর্যায়ে উত্তেজনার সৃস্টি হলে তসলিম উদ্দীন ৯৯৯ কল করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে যাওয়ার পর ঈদগাহ ময়দান কমিটির ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তির সাথে পুলিশের বচসা বাধে।

এ সময় পুলিশ তাকে ধাওয়া দিলে সে নদীতে ঝাপ দেয়। পুলিশ ইলিয়াসকে নদীর পানিতে নাকানি-চুবানি খাওয়ায়। স্বামীর এ ঘটনা দেখে স্ত্রী তহি বেগম এগিয়ে এলে পুলিশ তাকেও এলোপাথারি মারপিট করে রক্তাক্ত করে। রক্তক্ষরন দেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে চারিদিক থেকে পুলিশকে ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে এস আই ওহাব হোসেন অতিরিক্ত পুলিশ চেয়ে থানায় খবর পাঠায়। অতিরিক্ত পুলিশ এসে গ্রামবাসীর উপর লাঠিচার্জ করে। এতে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল সহ ১০ জন আহত হয়। আহত অন্যান্যরা হলো এস আই ওহাব হোসেন (৩৫)। গ্রামবাসীদের মধ্যে তহি বেগম (৪০), ইলিয়াস হোসেন (৫০), ছাইফুল ইসলাম (২৮), ফিরোজ(৪০), ফারুক (২৫), মনির (২৫) ও আনারুল ইসলাম (২৮)। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও তহি বেগমকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারি পাইলট জানান আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুলকে চিকিৎসার জন্য এম্বুলেন্সে তুলে দিই।এ ব্যাপারে ঈদগাহ ময়দান কমটির সভাপতি চাদ চৌধুরী সংঘর্ষের কথা স্বীকার করে বলেন আমি পরিস্থিতি শান্ত করার সর্বাত্বক চেষ্টা করেছি।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসি (তদন্ত) আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উক্ত ঘটনায় উস্কানিদাতাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে