গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। ২৪ ঘণ্টায় ৪জনসহ মোট সুস্থ হয়েছেন ১১২ জন। শুক্রবার দুপুরে অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা বলেন, নতুন ৫০৩ জন শনাক্ত হয়েছে অর্থাৎ পরীক্ষার ১৩ দশমিক ছয় চার শতাংশ সংক্রমিত। ৪৭ তম দিনেও করোনাভাইরাসের শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা। এরপরই রয়েছে, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। এখন পর্যন্ত ৫৯ জেলায় করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে ৩৯ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে যে চার জনের মৃত্যু হয়েছে তারা সবাই পুরুষ। তাদের বয়স ৫১-৬০ এর মধ্যে এবং সবাই ঢাকার বাসিন্দা। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় আসন্ন রমজানে মসজিদে এশা ও তারাবিহ নামাজ আদায়ে যে নির্দেশনা (দুই হাফেজসহ ১২ মুসল্লি নিয়ে জামাত) দিয়েছে সেটা মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।

ইফতার মাহফিল বা এ ধরনের কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. নাসিমা বলেন, নিজে সুস্থ থাকবো এবং নিজের পরিবারের সদস্যকে সুস্থ রাখতে এ নির্দেশনাগুলো মেনে চলতে হবে।গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এর ১০ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে