চিকিৎসক-নার্সসহ জরুরি সেবাদানকারীদের বাড়ি ছাড়তে বললে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি পরামর্শ দেন, হয়রানির শিকার হলে হটলাইনে অভিযোগ করার। এর আগে, একই অভিযোগে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় দুদক ও উত্তর সিটি করপোরেশন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, করোনা মোকাবিলায় যারা নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এসে মানুষকে সেবা দিচ্ছেন। সেই চিকিৎসকদের কোনো রকম হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। এরপরও খবর পাচ্ছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হয়রানি করছেন কিছু বাড়িওয়ালা। কেউ বাড়ি ছেড়ে দিতে বলছেন, কাউকে চাকরি ছেড়ে বাসায় বসে থাকতে বলছেন। তিনি বলেন, যারা এই ভয়াবহ মহামারির সময় নিজের জীবন তুচ্ছ করে লড়াই করছেন, তাদের যখন অভিবাদন জানানোর কথা, সেটি না করে উল্টো হয়রানি করা হচ্ছে। এমন ধরনের বাড়িওয়ালার বিষয়ে আমাদের পরিষ্কার সতর্কবার্তা হলো, যদি কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী হয়রানির অভিযোগ করেন, তাহলে ওই সব বাড়িওয়ার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।

গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেয়া হটলাইনে কল করে হয়রানির কথা জানাতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরো জানান, করোনা পরিস্থিতিতে গ্যাস-বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। মে মাস পর্যন্ত বিদ্যুৎ আর জুন পর্যন্ত গ্যাস বিলেও মাফ করা হয়েছে বিলম্ব জরিমানা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে