মাস্ক না পরে বাইরে বের হওয়ায় তিন বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে যশোরের এক ভ্রাম‌্যমাণ আদালত। শুক্রবার বিকেলে যশোর মনিরামপুরের এসি ল্যান্ড সাইয়েমা হাসানের ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন।

কান ধরিয়ে দাঁড় করিয়ে সাজা দেয়ার ঘটনাটি নিজের মোবাইল ফোনে ছবিও তুলে রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। পরে রাতে সেসব ছবি সামাজিক ফেসবুকে ছড়িয়ে পড়লে সামলোচনা শুরু হয়। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়ও উঠেছে। একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকাণ্ডে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বিষয়টিকে অমর্যাদাজনক আখ্যা দিয়ে ছবি ভাইরাল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে সামনে ছবি তুলছেন সাইয়েমা হাসান। জানা যায়, কভিড মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। চিনাঢোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তবে তাদের মুখে মাস্ক ছিল না। এসময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এ ছাড়া পরবর্তীতে অপর এক ভ্যানচলককে একইভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। এ ছবি আশপাশের কেউ ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে।

সোনিয়া আক্তার নামের একজন তার ফেসবুকে ছবিটি পোস্ট করে বলেন, এই বৃদ্ধরা হয়তো ঠিকমতো মাস্ক কি চিনেনও না। একজন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কী চাইলেই যা খুশি তা করতে পারেন? নাকি ক্ষমতা পেলে কি কররে ঠিকভাবে বুঝে উঠতে পারেনা? পারলে এইসব নাটক তামাশা বাদ দিয়ে মানুষ হন আর অসহায় মানুষের পাশে দাঁড়ান।

মোহাম্মদ নিশাদ ছবিটি তার ফেসবুকে পোস্ট করে বলেন, আমি শুধু জানতে চাই- এই মানুষগুলোর সন্তান যখন জানবে যে, তার মুখে এক লোকমা ভাত তুলে দেবার জন্য তার বাবাকে রাস্তায় সবার সামনে কান ধরতে হয়েছিল। আমি নিজেই নিজেকে তাদের সন্তানের স্থানে দাঁড় করিয়ে অনেকক্ষন ভেবেছি।

এদিকে, এ ঘটনায় সরকারের একজন অতিরিক্ত সচিব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা ফেসবুকে ক্ষমাও চেয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে