ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীর মিয়া (৪৫) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বন্দর এলাকার পোড়াগুদাম রোড়ের একটি জুয়ার আসরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামের আক্কার বাড়ির মৃত ইলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ফাইভ মার্ডার মামলার প্রধান আসামী শফিকুল ইসলাম ওরফে ছোট্ট আবু দীর্ঘদিন ধরে আশুগঞ্জ বন্দর সংলগ্ন পোড়া গোদাম রোডে একটি ঘর ভাড়া নিয়ে চায়ের দোকানের আড়ালে জুয়ার আসর চালিয়ে আসছে। স্থানীয় লোকজন এটিকে ছোট্ট আবুর জুয়ার ক্লাব হিসেবেই চিনেন। শুক্রবার বিকেল আনুমানিক  সাড়ে তিনটার দিকে উক্ত ঘরে জুয়া খেলাকে কেন্দ্র করে জুয়ারীদের পরষ্পরের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের এলোপাতারি হামলায় জাহাঙ্গীর অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় স্থানীয় লোকজন এগিয়ে আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে জাহাঙ্গিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীরের ভাই মো. হেলিম জানান, আমার ভাই একজন লোকের সাথে দেখা করার জন্য পোড়াগোদাম এলাকায় গেলে জুয়ার ক্লাব থেকে একদল জুয়ারি তার উপর অতর্কিত আক্রমণ চালায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় কে বা কারা জড়িত এ বিষয়ে তিনি বলেন, আমরা খোঁজ খবর নিয়ে জড়িতদের নামে থানায় মামলা দায়ের করব।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহত জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্ত্রী জুলেখা বেগম কান্নায় বার বার মোর্ছা যাচ্ছে। নিহতের ছেলে রাজু মিয়া জানান, তার বাবা নির্দোষ, কোন কারণ ছাড়াই তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।এখানে উল্লেখযোগ্য যে,এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে ছোট্ট আবু বর্তমানে ও লোকচক্ষুর আড়ালে  ও প্রশাসনের লোকজনের  চোখ ফাকিঁ দিয়ে তার  পুর্বেকার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পাশাপাশি সে ইয়াবা ব্যাবসা করতঃ বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, ঘটনার পর চরচারতলা এলাকায় দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে জুয়ার আসর বসার বিষয়ে তিনি আগে থেকে জানতেন না বলে জানান।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে