নভেল করোনাভাইরাসের কারণে নতুন করে সাধারণ মানুষের জন্য পাসপোর্ট ইস্যু কার্যক্রম স্থগিত রেখেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর। আজ সোমবার (২৩ মার্চ) সকাল থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন নেওয়া বন্ধ করা হয়েছে। তবে আগে যারা পাসপোর্ট করতে দিয়েছেন, তারা পাসপোর্ট পাবেন। তাদের নির্ধারিত সময়েই পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে। এছাড়াও হজযাত্রীদের প্রসেসিং এবং জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রদান কার্যক্রম সীমিত আকারে চলবে।
পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ই-পাসপোর্ট এবং মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি); দুই ধরনের পাসপোর্টেই বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। এছাড়া ছবিও তুলতে হয়। একই মেশিনে একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে নতুন পাসপোর্টের ইস্যু করার প্রক্রিয়া বন্ধ থাকবে। তিনি বলেন, ‘ফিঙ্গারপ্রিন্টে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই আমরা জনস্বার্থে বায়োমেট্রিক গ্রহণ বন্ধ রেখেছি। তবে হজযাত্রীদের এবং বিশেষ জরুরি প্রয়োজনে পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে।’
মহাপরিচালক বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করিনি। পরিস্থিতির ওপর নির্ভর করবে কতদিন এভাবে রাখা হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























