ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ অবৈধ বিল পরিশোধ না করায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক হুমায়ুন কবিরের ওপর একই অফিসের  পিয়ন জুয়েল  হামলা চালিয়েছে। ফলে হুমায়ুন কবির  গুরুতর আহত হয়েছেন।  গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

এ সময় হিসাবরক্ষকের রুমের টেবিলসহ অন্যান্য জিনিসপত্র ভাঙ্গচুর করে পিয়ন জুয়েল ও তার সাঙ্গপাঙ্গরা। হামলার সময় টেবিলের ড্রয়ার থেকে টাকা পয়সা এবং অন্যান্য জিনিসপত্র লুটে নেয় বলে ও অভিযোগ পাওয়া গেছে। আহত হুমায়ুন বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, পিয়ন জুয়েল মিয়া রিকসা ভাড়ার একটি বিল জমা দেয় দু-দিন আগে। কিন্তু তার  এই বিল বৈধ না বলে হুমায়ুন গড়িমসি করতে থাকে। এক পর্যায়ে  জুয়েল  অবৈধভাবে এই বিল নেয়ার জন্যে হুমায়নের ওপর চাপ সৃষ্টি করে। বিল দিতে দেরী করায় গত বুধবার হুমায়ুনকে দেখে নেয়ার হুমকী দেয় জুয়েল । ঘটনার সময় পিয়ন তার গ্রামের এলাকার ছেলেদের অফিসে জড়ো করে মহড়া দিয়ে যায়। পর দিন সকালে অফিসে এসে জুয়েল ও  তার  সাঙ্গপাঙ্গরা হুমায়ুনের কক্ষে ঢুকে তাকে রড দিয়ে পেটাতে শুরু করে। এ সময় জুয়েল বলতে থাকে, তুই এমপি’র লোক,আওয়ামীলীগ করিছ,তোরে কে বাচাইবো দেখি।

এ ঘটনার ফলে অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা ঘটিয়ে তাৎক্ষনিক অফিস থেকে সটকে পড়ে জুয়েল। জুয়েলের বাড়ি শহরতলীর রাজঘর গ্রামে। দেড়-দু বছর ধরে সে সিভিল সার্জন অফিসে পিয়ন পদে  কর্মরত।

জেলা সদর হাসপাতালে ভর্তি হুমায়ুন কবির জানান, সরকারী নিয়মানুসারে যাদের বাই সাইকেল রয়েছে তারা বিল পাবেনা। এটাই নিয়ম । জুয়েলের বাইসাইকেল থাকার পরও সে গত ৬ মাসের রিকসা ভাড়ার বিল জমা দেয়। এই বিল পরিশোধে বিলম্ব হওয়ায় সে আমার ওপর ক্ষুব্দ হয় এবংদলবল নিয়ে  হামলা চালায়।

এ ব্যাপারে (হুমায়ুন)তিনি আরো জানান, হামলার সময় তার ড্রয়ারে একটি ক্যাম্পেয়েনের টাকা ছিলো তা লুট করে নিয়ে গেছে জুয়েল ও তার দলবলেরা।  এব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সিভিল সার্জন মো: শাহআলম জানান, ঘটনার তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ঘটনার সুষ্ঠ তদন্ত করে রিপোর্টের ভিত্তিতে  পিয়ন জুয়েল দোষী সাব্যস্ত হলে তার  বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা  নেওয়া  হবে।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে