বিশ্ব নারী দিবস উপলক্ষে কলকাতায় রত্নগর্ভা সম্মাননায় ভূষিত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মা রেহানা মাসউদ। রোববার সন্ধ্যায় কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘বেঙ্গল চেম্বার অব কমার্স রত্নগর্ভা’ সম্মাননা তুলে দেয়া হয় রেহানা মাসউদের হাতে। এসময় মায়ের সঙ্গে মঞ্চে ওঠেন জয়া আহসানও।

জয়া আহসান ভারতের চলচ্চিত্রে নিজের সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখে চলছেন বলেই তার মা রেহানা মাসউদকে বেঙ্গল চেম্বার অব কমার্স এই রত্নগর্ভা সম্মাননায় সম্মানিত করার সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।

মায়ের সম্মাননা অর্জনের ঠিক এক দিন আগে কলকাতার একটি মঞ্চে অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে পুরস্কৃত হয়েছেন অভিনয়শিল্পী মেয়ে জয়া আহসান। অতিথি হিসেবে সঙ্গে ছিলেন মা রেহানা মাসউদ। আর এক দিন পর সোমবার সন্ধ্যায় মেয়ের সাফল্যের কারণে মাকে পুরস্কৃত করেছে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স।

বাংলাদেশের টেলিভিশন নাটকে অভিনয়ের একটা পর্যায়ে চলচ্চিত্রেও কাজ শুরু করেন জয়া আহসান। দেশের বাইরে তার শুরুটা হয় আবর্ত ছবি দিয়ে। সর্বশেষ ভারতে ও বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত রবিবার ছবিটি।

বার্ষিক এ অনুষ্ঠানে এবার যাদের মায়েদের সম্মাননা জানানো হয়েছে, তারা হলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের মা, সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মা, সংগীতশিল্পী জয়তী চক্রবর্তীর মা প্রমুখ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে