আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শন শেষে এসব জানান তিনি। তিনি বলেন, শহীদ মিনার কেন্দ্রীক প্রত্যেক জায়গা সিসি ক্যামেরার আওতায় থাকবে। শহীদ মিনার চত্বরে আর্চওয়ে ও তল্লাশী ছাড়া কোন ব্যক্তিকে প্রবেশ করতে দেয়া হবে না। নিরাপত্তায় ২৪ ঘণ্টায় আমাদের ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। সমস্ত এলাকা সুইপিং করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদা পোশাকে ডিবি ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা মোতায়েন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক পুলিশের পর্যাপ্ত মোবাইল ও পেট্রোল টিম থাকবে। জনসাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে শহীদ মিনারে প্রবেশ ও বাহির হতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তিনি আরো বলেন, অতীতের ন্যায় এবারও পলাশী মোড় হয়ে শহীদ মিনারে আসতে হবে। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে রোমানা চত্বর ও দোয়েল চত্বর দিয়ে বের হয়ে যেতে বে। প্রবেশ ও বাহির পথে উল্টো দিক থেকে না আসতে সকলকে অনুরোধ করছি। শৃঙ্খলা রক্ষার্থে এক্ষেত্রে আমাদের শক্ত অবস্থান থাকবে।

২১’শে ফেব্রুয়ারিকে ঘিরে কোন নিরাপত্তা হুমকি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি ঘিরে কোন নিরাপত্তার হুমকি নেই, আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে দিবসটি উদযাপনের প্রস্তুতি। ধোয়া-মোছার কাজ শেষে এখন চলছে রংয়ের কাজ। শহীদ মিনারের মূলস্তম্ভগুলোয় চুন লাগানো হয়েছে। বেদীসহ অন্যান্য জায়গায় লাগানো হয়েছে লাল রং। চারুকলার শিক্ষার্থীরা আল্পনার শেষ পর্যায়ের কাজ করছেন। ব্যস্ত রয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরাও।

এছাড়াও শহীদ মিনারের চারপাশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার কাজ চলছে। কেন্দ্র্রীয় শহীদ মিনারের পাশের রাস্তার দেয়াল রাঙানো হচ্ছে রং ও নানা পঙ্কিতে। শহীদ মিনারসহ এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তায় কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে