এখন থেকে বিদেশে যেতে যে-কেউ পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই নগদ ১০ হাজার ডলার নিয়ে যেতে পারবে। তবে পূর্বের নিয়মে এর পরিমাণ ছিল পাঁচ হাজার ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ওই সার্কুলারে বিদেশে যাওয়া ও আসার ক্ষেত্রে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে।
আর এ নিয়ম অনুযায়ী, শুল্ক কর্তৃপক্ষের কাছে ‘এফএমজে’ ফরমে ঘোষণা দিয়ে এই পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের যে কোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারবে। আর এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়। যার ফলে বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ডলার খরচ এখন আগের চেয়ে আরো সহজ হলো।
ওদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ভারতের পাশাপাশি বিভিন্ন দেশে ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে যাওয়া যায়। আবার ১০ হাজার ডলার নিয়ে ওই দেশ থেকে বের হওয়া যায়। তবে এখন বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। যেখানে বাংলাদেশিরা সহজেই যাতায়াত করছে। আর এ কারণেই এই সীমা বাড়ানো হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























