দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ থেকে কাজে যোগ দিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক-কর্মচারীরা। সকাল থেকেই শিফট অনুযায়ী কাজে যোগ দেন তারা। তবে দাবি পূরণ না হলে আবারো আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
সকাল ৬ টার শিফটে দলে দলে কাজে যোগ দিয়েছেন পাটকল শ্রমিকরা। টানা ৫ দিনের অনশন কর্মসূচি স্থগিতের পর আজ থেকে কাজে যোগ দেন তারা।মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছেন পাটকল শ্রমিকরা। গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া অনশন কর্মসূচি শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে চার দিন পর স্থগিত করলেও মেলেনি ফল। পরে দ্বিতীয় দফায় অনশন করলেও বিজেএমসির আশ্বাসে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে দাবি পূরণ নিয়ে এখনো সংশয়ে শ্রমিকরা।
১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে বৃহস্পতিবার অনশন কর্মসূচি স্থগিত করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। দাবি আদায় না হলে আবারো কর্মসূচি শুরু হবে বলে জানান শ্রমিক নেতারা।২৯ ডিসেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে দ্বিতীয় ধাপে শুরু হয় আমরণ অনশন। এতে অসুস্থ হয়ে পড়েন প্রায় অর্ধশতাধিক শ্রমিক।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























