বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৮ জানুয়ারী। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি শেষে বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করা হয়। তবে এ ১০ আসামির মধ্যে এখনও পলাতক আছেন মুসা বন্ড।
চার্জ গঠনের মাধ্যমেই শুরু হলো এ হত্যার বিচারকাজ। ৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের শিশু আদালতে চার্জ গঠন হবে অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির।এর আগে রিফাত শরীফ হত্যা মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা প্রত্যেকেই হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তদন্ত শেষে ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। এতে প্রত্যক্ষদর্শী একমাত্র সাক্ষী থেকে ৭ নম্বর আসামি করা হয় নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। এর কয়েক দিনের মধ্যেই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ৮ আসামি। এ মামলায় এখনও পলাতক আসামি মুসা বন্ড।
গত ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























