বিদেশে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা সোয়া এক কোটিরও বেশি। এই বিপুল সংখ্যক প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে নতুন রেকর্ড হয়েছে। চলতি বছরের জানুয়ারির প্রথম দুই সপ্তাহেই বাংলাদেশে প্রায় এক বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা রেমিটেন্স প্রবাহের সাপ্তাহিক তথ্যে দেখা যায়, ২০২০ সালের জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত ৯৬ কোটি (প্রায় ১ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বিগত বছর গুলোয় এত অল্প সময়ে বাংলাদেশে এই পরিমাণ রেমিটেন্স আসেনি।
২০১৯-২০ অর্থবছরের সাড়ে ছয় মাসে (২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ১৫ জানুয়ারি) এক হাজার ৩০ কোটি (১০.৩৬ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৯৪০ কোটি ৩৪ লাখ (৯.৪ বিলিয়ন) ডলারের রেমিটেন্স এসেছিলো বাংলাদেশে। যা ছিল গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৪৬ শতাংশ বেশি।২০১৯ সালের শেষ মাস ডিসেম্বরে ১৬৮ কোটি ৭০ লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৮ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। এক মাসের হিসাবে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত ডিসেম্বরে।

এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ ১৭৪ কোটি ৮২ লাখ ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ; ২০১৯ সালের মে মাসে। আর রেমিটেন্স প্রবাহের এই ইতিবাচক ধারায় রপ্তানি আয়ে ধাক্কার পরও বিদেশী মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























