ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের কারণে খেলাপী ঋণ বাড়ছে। বিশ্বে বাংলাদেশেই ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ (রোববার) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় মন্ত্রী জানান, ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কে নামাতে কৌশল ঠিক করতে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, যারা ৭ দিনের মধ্যে সুপারিশ দিবে। যার আলোকে কাজ করবে সরকার।
চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থমন্ত্রী খেলাপি ঋণ কমানোর বিষয়ে বলে আসলেও বাস্তবতা ছিল উল্টো। গত এক বছরে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমাতে এবং ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে নানা ধরনের সুবিধা দিয়ে আসলেও ফল হয়েছে উল্টো। শুধু গত তিন মাসেই খেলাপী ঋণ বেড়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। আর তাতে ব্যাংকিং খাতে মোট খেলাপী ঋণের পরিমাণ এক লাখ ১৬ হাজার কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১২ শতাংশ। এমন বাস্তবতায় খেলাপী ঋণ কমানো এবং সুদ হার এক অঙ্কের ঘরে আনতে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশেই ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ যার কারণে খেলাপী ঋণ বেড়েই চলেছে।
তবে খেলাপী ঋণ কমাতে খেলাপীদের পুনঃতফসিলের সুবিধা দিলেও তা হাইকোর্টের স্থগিতাদেশের কারণে বাস্তবায়ন হয়নি। তবে সম্প্রতি এ বিষয়ে হাইকোর্টের রায় সরকারের পক্ষে আসায় খেলাপী ঋণ ও ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী। এজন্য সাত দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে যারা ব্যাংক ঋণের সুদ হার কমাতে কৌশল নিতে সুপারিশ করবে, যার আলোকে কাজ করবে অর্থমন্ত্রণালয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























