সপ্তম জাতীয় কংগ্রেসের জন্য প্রস্তুত যুবলীগ। আজই নতুন নেতৃত্ব পাচ্ছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কংগ্রেসে থাকছেন না ওমর ফারুক চৌধুরীসহ বর্তমান কমিটির বেশ কজন নেতা। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতি দেখতে এসে ওবায়দুল কাদের জানান, কাউন্সিলররা যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির উত্তরাধিকার কাউকে নেতৃত্বে চাইলে তা বিবেচনা করবে শীর্ষ নেতৃত্ব।
ক্যাসিনোসহ নানা অনৈতিক কাজে অভিযুক্ত মহানগর দক্ষিণের সম্রাটসহ বেশ কজন নেতাকে বহিষ্কারের পর আলোচনায় আসে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। এরই মধ্যে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে ওমর ফারুক চৌধুরীকে। ২০১২ সালের পর থেকে যুবলীগের নেতৃত্বে ছিলেন তারা।দীর্ঘ ৭ বছর পর হচ্ছে যুবলীগের কংগ্রেস। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল ব্যানার-ফেস্টুনে। মূলমঞ্চ হয়েছে পদ্মা সেতুর আদলে।
এখানেই সপ্তম কংগ্রেসের প্রথম অধিবেশন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি, শেখ হাসিনা। পরে দ্বিতীয় সেশনে যুবলীগের নেতৃত্ব নির্ধারণ করবেন কাউন্সিলররা।যুবলীগের নেতৃত্বে মুজিব পরিবারের কেউ না এলে, সুযোগ আছে বর্তমান কমিটির চার জন ও এখন কোনো পদে না থাকা ছাত্রলীগের সাবেক দুই নেতার। সেক্ষেত্রে ৫৫ বছর বয়সসীমার বাধ্যবাধকতা প্রশ্নে ব্যাখ্যা দিয়েছেন ওবায়দুল কাদের।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের কাউন্সিলের দিনক্ষণও নির্ধারণ করা হবে জাতীয় কংগ্রেসের পর। সেখানে নির্বাচিত হবেন ঢাকার দুই অংশের যুবলীগ নেতৃত্ব।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























