ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মোহাম্মদপুরে রাজীবের বাড়ি ও কার্যালয়েও রাতভর চলে অভিযান। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ভাটারা থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে।সেপ্টেম্বরের মাঝামাঝি ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর যুবলীগের অন্য অনেক নেতার মতোই আত্মগোপনে চলে যান ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীব। তার খোঁজে বেশ কয়েকবার অভিযান চালিয়েও ব্যার্থ হয় র্যাব।শনিবার সন্ধ্যায় রাজীবের অবস্থানের তথ্য পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় র্যাব।গ্রেপ্তার করা হয় রাজীবকে। জব্দ করা হয় বিদেশি পিস্তল, মদ ও রাজীবের পাসপোর্ট। পরে র্যাব কর্মকর্তারা জানান, ১৩ অক্টোবর থেকে ওই বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
গ্রেপ্তারের পর রাজীবকে নিয়ে তার মোহাম্মদপুরের বাড়ি ও ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়েও চলে অভিযান। তার বাড়ি থেকে ৫ কোটি টাকা ব্যাংকে জমা দেয়ার নথি জব্দ করা হয়। রাজীবের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজিসহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে র্যাব।রাজীবের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সংগঠনের শৃংখলা ভঙ্গের দায়ে তাকে বহিস্কার করেছে যুবলীগ।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























