‘বিনিসুতো’র পর ফের অতনু ঘোষের ছবিতে জয়া আহসান। পুরনো – নতুন সম্পর্কের কাহিনী নিয়ে তৈরি হতে যাওয়া ‘রবিবার’ ছবিতে জয়ার সঙ্গে আছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অতনু ঘোষের সঙ্গে প্রসেনজিতের দ্বিতীয় কাজ এটা। আর আগে অতনু ‘ময়ূরাক্ষী’ ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছিলেন। ‘রবিবার’ ছবিতে এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় দুই তারকা।

গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রকাশ হয় ছবিটির প্রথম পোস্টার। ইতোমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং।প্রসেনজিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জয়া আহসান সংবাদ মাধ্যমে বলেন, “অবশেষে বুম্বাদার সঙ্গে কাজ করছি। আমি খুব গর্বিত তো বটেই, আনন্দিতও”।

অন্যদিকে প্রসেনজিৎ বলেন, “অনেক দিন ধরেই চেয়েছিলাম জয়ার সঙ্গে কাজ করার জন্য আসলে সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। ঠিক যেমন সৌমিত্রকাকুর সঙ্গে কাজ করতে ‘ময়ূরাক্ষী’ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে অতনু ঘোষ মনে করেন, জয়া টলিউডে খুব ভাল ভাল কাজ করছে। প্রসেনজিৎ এবং জয়াকে নিয়ে একসঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।”

ভারতে সাপ্তাহিক ছুটি রবিবারে। সপ্তাহ ধরে থাকে অপেক্ষা। সারাদিন চলে বিশ্রাম, আড্ডা আর ভাল ভাল খাওয়া। সেই সঙ্গে সম্পর্কের আয়নায় একটু চোখ বুলিয়ে নেওয়া। হতে পারে সেটা নতুন সম্পর্ক কিংবা পুরনো। যদি অতীতের রবিবারে কাটানো কোনও দিন মনে পড়ে যায় বর্তমানের রবিবারে, তবে কেমন হয়? কেমন আছে সেই স্মৃতিগুলো? দেওয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা এমনই এক সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে অতনুর ‘রবিবার’৷

বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে