বাংলার মাটি, শেকড়ের গান বাউল গান। লোকগানের ইতিহাস-ঐতিহ্যের এ শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’। বাউল তথা লোকগানের সুরসম্ভার ছড়িয়ে দিতে আবারও শুরু হয়েছে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহযোগিতায় বাংলা লোকসঙ্গীতের নতুন প্রতিভা অন্বেষণের এ প্রতিযোগিতাটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সেই কথাই জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ, লোকশিল্পী চন্দনা মজুমদার, ফকির শাহাবুদ্দিন, শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, সঙ্গীতশিল্পী ইবরার টিপু প্রমুখ।

পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। রেডিও পার্টনার রেডিও দিন-রাত, ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ। বাংলাদেশের ৭টি অঞ্চল- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৯’-এর অডিশন রাউন্ড। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। অঞ্জন চৌধুরী বলেন, ব্যক্তিগতভাবে আমি লোক ও বাউল গান পছন্দ করি। একসময় আমার পাবনার খামারবাড়িতে নামিদামি বাউলরা আসতেন এবং এখনও আসেন। তখন থেকেই আমি তাদের গান শুনে বাউল গানের প্রতি উদ্বুদ্ধ হই। সেখান থেকেই ২০১৩ সালে আমরা প্রথম ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানটি শুরু করি। মূলত এ অনুষ্ঠানটির পর থেকেই আমরা ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ করার উদ্যোগ নিই। তিনি আরও বলেন, সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী লোকশিল্পীদের সুযোগ দিয়ে অডিশনের মাধ্যমে তাদের তুলে নিয়ে আসা এবং সবার সামনে পরিচিত করানোই আমাদের মূল উদ্দেশ্য। মালিক মো. সাঈদ জানান, ‘ম্যাজিক বাউলিয়ানা’র মাধ্যমে শুধু মেধাবী শিল্পীই খুঁজে বের করা হবে না, শিল্পীদের রয়্যালটি নিশ্চিত করার কাজও করা হবে। বুধবার বিকাল ৩টা থেকে প্রতিযোগিতার নিবন্ধন পর্ব শুরু হয়েছে।

আগের দু’বার ২০ হাজার ও ৩০ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। আশা করছি, এবার আমরা ৫০ হাজার প্রতিযোগীকে সঙ্গে পাব। বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র ওয়েবসাইটে (www.magicbauliana.com.bd), অথবা ফোন করা যাবে ০৮০০০৮৮৮০০০ এই নাম্বারে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে