বিবিএফএ অর্থাৎ ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসবের প্রথম আসর। মূলত: ভারত এবং বাংলাদেশের চলচ্চিত্রকে সারা বিশ্বে জনপ্রিয় করে তুলতেই এই আয়োজন। সোমবার বিকেলে হোটেল রেডিসনে এক সংবাদ সম্মেলনে একথা জানান আয়োজক কমিটি ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া।

ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড সম্পর্কে আয়োজকরা জানান, পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল এই তিন ক্যাটাগরিতে মোট ২৪টি বিভাগে  প্রদান করা হবে অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাবে ২০১৮’র জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুলোই। এরই মধ্যে গঠন করা হয়েছে ১০ সদস্যের জুরিবোর্ড। যেখানে বাংলাদেশ থেকে চিত্রনায়ক আলমগীর, নায়িকা কবরী, সাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ আছেন দুই চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু ও হাসিবুর রেজা কল্লোল। ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে যৌথ এই অ্যাওয়ার্ড ফাংশন।

বাংলাদেশ ও ভারত প্রতিবেশি দেশ হওয়ায় সংস্কৃতির ক্ষেত্রে রয়েছে বেশ মিল। সীমানার দেয়াল ডিঙিয়ে তাই গড়ে ওঠে দু’দেশের সংস্কৃতির মেলবন্ধন। আগামী মাসে তেমনই এক মেলবন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। যা জানাতে এই সংবাদ সম্মেলন। এসময় প্রতিবেশী দুই দেশের সাংস্কৃতিক লেনদেন নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের গুণি শিল্পীরা। তারা বলেন, দুই দেশের ভ্রাতৃত্বের জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ।

নিয়ম মেনে যৌথ প্রযোজনার ছবি তৈরি করতে পারলে উভয় দেশ লাভবান হবে বলেও জানান তারা। আয়োজকরা জানালেন, চলচিত্র শিল্পের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এমন আয়োজন। বললেন, ২৪ টি বিভাগে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।বাংলাদেশ ও ভারতের চলচিত্রের প্রসারে নেয়া নানা উদ্যোগের কথাও এসময় তুলে ধরা হয়।

বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে