বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এক নাম জহির রায়হান। যিনি যুদ্ধ করেছিলেন সেলুলয়েডে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ কালি-কলম আর ক্যামেরায় সেই সংগ্রাম আর রক্তাত্ব ইতিহাস তিনি তুলে ধরেছেন বারবার। রুপালী পর্দার এই যোদ্ধার নাম জহির রায়হান। ১৯ আগস্ট ৮৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলা চলচ্চিত্রের এই পুরোধাকে।

ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বাঙালির গৌরবগাঁথা ইতিহাস উঠে এসেছে জহির রায়হানের ক্যামেরায়। জীবদ্দশায় নিজের সৃষ্টিকর্ম দিয়ে যিনি বলে গেছেন শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের কথা তিনি জহির রায়হান।

১৯৩৫ সালে জন্ম নেয়া গুণী এই মানুষটির পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতায়। সেলুলয়েড ভুবনে পা বাড়ান ১৯৫৭ সালে ‘জাগো হুয়া সাভেরা’র সহকারী পরিচালক হিসেবে। পুরোদস্তুর পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ১৯৬১ তে ‘কখনো আসেনি’ দিয়ে। সোনার কাজল থেকে শুরু করে সঙ্গম, বাহানা, বেহুলা ও আনোয়ারার মতো বেশ কয়েকটি নন্দিত সিনেমা নির্মাণ করেছেন তিনি। তবে ভাষা আন্দোলনের পটভূমিকায় ‘জীবন থেকে নেয়া’ এবং স্বাধীনতা সংগ্রামকে প্রতিপাদ্য করে ‘স্টপ জেনোসাইড’ জহির রায়হানকে নিয়ে গেছে অনন্য উঁচ্চতায়।

শুধু চলচ্চিত্রই নয় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন সাহিত্য কর্মেও। ১৯৭২ সালে ৩০ জানুয়ারি অন্তর্ধান হওয়া এই কিংবদন্তির ৮৪তম জন্মবার্ষিকীতে রইলো শ্রদ্ধা।
বিনোদন ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














